গুয়াহাটি, ১৪ নভেম্বর: কাজিরাঙার রঙাজানে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল হবু বৌদি ও ননদের। মৃতেরা হলেন ডিব্রুগড় জেলার টিংখাং বিধানসভা কেন্দ্রের বামুণবাড়ি চা বাগানের বাসিন্দা জয়ন্তী রবীদাস এবং সুজাতা তাঁতী।

আগামী ফেব্রুয়ারিতে জয়ন্তীর দাদার সঙ্গে সুজাতার বিয়ের দিন স্থির ছিল। হবু বৌদি সুজাতার সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন জয়ন্তী। একই ট্রেভেলারে তাঁরা যাত্রা করছিলেন।

জয়ন্তী কিশোর রবীদাসের একমাত্র মেয়ে। ‘ঝুমইর বিনন্দিনী’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন।

জয়ন্তী ও সুজাতার মৃত্যুতে বিয়ের প্রস্তুতি চলা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন কিশোর রবীদাস-সহ পরিবারের সদস্যেরা। ঘটনায় এলাকাতেও গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।

শুক্রবার যোরহাট থেকে নগাঁওমুখী একটি যাত্রীবাহী ট্রেভেলারের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি কন্টেনার ট্রাকের রঙাজানে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাগ্রস্ত ট্রেভেলারটির নম্বর এএস ০২ এসি ৬৬৯০।

এই দুর্ঘটনায় মোট ২৬ জনের মৃত্যু হয়েছে।