ডিন্ডোরি, মধ্যপ্রদেশ: রসগোল্লার ভিতরে লুকিয়ে রাখা দেশি বোমায় কামড় দিতেই মুখের ভিতরেই বিস্ফোরণ ঘটে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম রাজেন্দ্র বরৌতিয়া (৩৫)।

গত মঙ্গলবার রাত প্রায় ৮টা নাগাদ ডিন্ডোরি কোতোয়ালি থানার অন্তর্গত পররিয়া ছাঁটা গ্রামে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে রাজেন্দ্রের মুখমণ্ডল ও চোয়ালের হাড় গুরুতর জখম হয়। তাঁকে দ্রুত ডিন্ডোরি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে আগুনের পাশে বসে ছিলেন রাজেন্দ্র। সে সময় তাঁর প্রতিবেশী রামভগত বরৌতিয়া সেখানে আসেন। কিছু ক্ষণ কথাবার্তার পরে তিনি রাজেন্দ্রের হাতে একটি রসগোল্লা দেন।

রসগোল্লায় কামড় দিতেই সেটি মুখের ভিতরেই ফেটে যায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বুনো শূকর শিকারের কাজে ব্যবহার করা একটি দেশি বোমা মিষ্টির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

মূল অভিযুক্ত রামভগতকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু হয়েছে।

কোন উদ্দেশ্যে রসগোল্লার মধ্যে বিস্ফোরক রেখে রাজেন্দ্রকে দেওয়া হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বোমাটি কোথা থেকে জোগাড় করা হয়েছিল এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, সেই তদন্তও চলছে।