নয়াদিল্লি, ১৩ নভেম্বর: ভারতে মোবাইল পরিষেবার মাসুল বাড়ানোর পক্ষে সওয়াল করলেন ভারতী এয়ারটেলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল। তাঁর মতে, টেলিকম সংস্থাগুলির গ্রাহক-পিছু মাসিক গড় আয় প্রায় ৩৫০ টাকা হওয়া উচিত।

মিত্তলের বক্তব্য, বর্তমান মাসুলে নেটওয়ার্ক পরিচালনা এবং নতুন পরিকাঠামো গড়ার ক্রমবর্ধমান খরচ সামলানো সম্ভব নয়। প্রায় দশ বছর আগে তিনি মোবাইল পরিষেবায় গ্রাহক-পিছু মাসিক গড় আয় ৩০০ টাকা হওয়াকে উপযুক্ত বলেছিলেন। মূল্যবৃদ্ধির ফলে সেই অঙ্ক এখন আর যথেষ্ট নয় বলে জানিয়েছেন তিনি।

জ্বালানি, বিদ্যুৎ, কর্মীদের বেতন এবং প্রশাসনিক খরচ বেড়েছে। তাই টেলিকম শিল্পে গ্রাহক-পিছু মাসিক গড় আয় ৩৫০ টাকা হওয়া প্রয়োজন।

তবে এই লক্ষ্য কবে পূরণ হবে, সে বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা জানাননি এয়ারটেল চেয়ারম্যান। তাঁর হিসাব, মাসে ৩৫০ টাকা খরচের অর্থ দিনে প্রায় ১০ থেকে ১২ টাকা। এই খরচে গ্রাহকেরা ব্যাঙ্কিং, শিক্ষা, ইউপিআই লেনদেন, স্বাস্থ্যসংক্রান্ত তথ্য, সরকারি সুবিধা, সামাজিক মাধ্যম ও বিনোদনের নানা পরিষেবা ব্যবহার করতে পারেন বলে তাঁর দাবি।

পরিকাঠামোয় বড় বিনিয়োগের প্রয়োজন

দেশের টেলিকম পরিকাঠামোর ঘাটতির কথাও তুলেছেন মিত্তল। তাঁর মতে, চিনে ১০ লক্ষের বেশি মোবাইল টাওয়ার থাকলেও ভারতে রয়েছে প্রায় ৩.৫ লক্ষ টাওয়ার। দেশের বর্তমান টাওয়ারের সংখ্যা অন্তত দ্বিগুণ করা দরকার বলে মন্তব্য করেছেন তিনি।

ফাইবার নেটওয়ার্ক, সাবমেরিন কেবল এবং অন্য ডিজিটাল পরিকাঠামো বাড়াতেও বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন মিত্তল। ৫জি পরিষেবার জন্য স্পেকট্রাম কেনা ও নেটওয়ার্ক গড়তে কয়েক লক্ষ কোটি টাকা খরচ হলেও, তা থেকে প্রত্যাশিত নতুন আয়ের পথ এখনও তৈরি হয়নি বলেও তাঁর বক্তব্য।

এয়ারটেলের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর ত্রৈমাসিকে সংস্থাটির গ্রাহক-পিছু মাসিক গড় আয় বেড়ে ২৭১ টাকা হয়েছে। এক বছর আগে তা ছিল ২৫৬ টাকা। ভারতে সর্বশেষ ২০২৪ সালের জুনে টেলিকম পরিষেবার মাসুল বাড়ানো হয়েছিল। সে সময় বিভিন্ন রিচার্জ প্ল্যানের দাম ১০ থেকে ২৫ শতাংশ বেড়েছিল।