ওদালগুড়ি, ১৪ নভেম্বর: ইউপিপিএলের সভাপতি হিসেবে আরও তিন বছরের জন্য দায়িত্ব পেলেন প্রমোদ বড়ো। খাগ্রাবাড়িতে দলের পঞ্চম ত্রিবার্ষিক অধিবেশনের শেষ দিনের কর্মসূচিতে যোগ দিয়ে শিক্ষা ও অর্থনীতি-সহ বড়োল্যান্ডের উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

নবনির্বাচিত সভাপতি বলেন, আগামী তিন বছরে বিটিসিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সামাজিক কাজকর্ম করা হবে।

রাজ্য ও বিটিসিতে ইউপিপিএল ‘মৃত্যুশয্যায় নেই’ দাবি করে আসন্ন উপনির্বাচনে তিনটি সমষ্টিতে একাই শক্তি প্রদর্শনের ইঙ্গিত দিয়েছেন প্রমোদ।

হাগ্রামা মহিলারীর সমাজ, মানুষ ও জাতির প্রতি কোনও দায়বদ্ধতা নেই বলেই তিনি হাসি-ঠাট্টায় সময় কাটাচ্ছেন।

মুক্ত সভায় হাগ্রামা মহিলারীকে কটাক্ষ করে প্রমোদের দাবি, শুধুমাত্র শক্তি দেখানোর জন্য হালকা ও অর্থহীন মন্তব্য করছেন তিনি এবং কয়েক জন যুবককে দৌড়ন্ত ঘোড়ার মতো ব্যবহার করছেন। ইউপিপিএলের নীতি ও আদর্শ পছন্দ করে মানুষ ফের ইউপিপিএল সরকারকে স্বাগত জানাতে প্রস্তুত বলেও তাঁর দাবি।