নতুন দিল্লি, ১৪ নভেম্বর: সোশ্যাল মিডিয়ায় নিজের কোম্পানি কমান্ডারকে হত্যা করে আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগে অসমের এক সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া জওয়ানের নাম পিনাক নাথ বলে জানিয়েছেন আধিকারিকেরা।

পিনাক সিআরপিএফের ৩৩ নম্বর ব্যাটালিয়নের আলফা কোম্পানির প্রবেশনারি কনস্টেবল ছিলেন। জম্মু ও কাশ্মীরের ডোডায় অবস্থিত ওই ব্যাটালিয়নে তিনি কর্মরত ছিলেন। তিনি সম্প্রতি বাহিনীতে যোগ দিয়েছিলেন বলে আধিকারিকেরা জানিয়েছেন।

অভিযোগ, একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পিনাক পোস্ট করে জানান যে, তিনি তাঁর কোম্পানি কমান্ডারকে হত্যা করার পরে নিজেও আত্মহত্যা করবেন। সম্প্রতি অন্য একটি নিরাপত্তাবাহিনীতে ঘটে যাওয়া একটি ঘটনার উল্লেখ করেই তিনি এই হুমকি দিয়েছিলেন বলে আধিকারিকদের দাবি।

ওই ঘটনায় এক জওয়ান নিজের পরিষেবার অস্ত্র ব্যবহার করে এক পদস্থ আধিকারিক এবং কয়েক জন সহকর্মীকে হত্যা করেছিলেন বলে জানিয়েছেন আধিকারিকেরা।

ঘটনার পরে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার তদন্ত শুরু করেন। তদন্ত শেষে শুক্রবার কেন্দ্রীয় অসামরিক পরিষেবা (অস্থায়ী পরিষেবা) বিধি, ১৯৬৫ অনুযায়ী পিনাককে চাকরি থেকে বরখাস্ত করা হয়।