জাজপুর, শুক্রবার ভোর: পশ্চিমবঙ্গ থেকে ৫৫ জন যাত্রী নিয়ে পুরী যাওয়ার পথে ওড়িশার জাজপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারল যাত্রিবাহী বাস। দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। দু’জনকে উন্নত চিকিৎসার জন্য কটকে পাঠানো হয়েছে। কয়েক জনকে অ্যাম্বুল্যান্সে করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বদাচানা থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ধাক্কার জেরে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাকটিও। দুর্ঘটনার পর যাত্রীরা বাস থেকে নেমে রাস্তার ধারে বসে পড়েন। কারও মাথা ফেটেছে, কারও হাত বা পায়ে চোট লেগেছে। কয়েক জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল এবং আচমকা চালক নিয়ন্ত্রণ হারান। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।
ওড়িশা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। বাসচালক ও কন্ডাক্টরের খোঁজ মেলেনি। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় দীর্ঘক্ষণ যানজট হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।