নাজিরা, ১৫ নভেম্বর: শিবসাগর জেলার নাজিরায় ওএনজিসির একটি গ্যাসবাহী পাইপ ফেটে বিষাক্ত গ্যাস নির্গমনকে ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

হঠাৎ পাইপ ফেটে গ্যাস বেরোতে শুরু করায় আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ে। পাইপ থেকে একটানা গ্যাস নির্গত হওয়ায় নিরাপত্তা নিয়ে চিন্তায় স্থানীয় মানুষজন।

গ্যাস নির্গমনের জেরে কেউ অসুস্থ হয়েছেন কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

নাজিরার ধিতাইপুখুরির শিলাকুটি ভকতগাঁও ও গেলেকী এলাকায় গত কয়েক মাসেও পুরনো পাইপ ফেটে একাধিক বার গ্যাস নির্গমনের ঘটনা ঘটেছিল বলে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুরনো পাইপলাইনগুলি সঠিক ভাবে মেরামত না হওয়ার কারণেই বার বার এমন দুর্ঘটনা ঘটছে।

পাইপ ফাটার কারণ, ঘটনাস্থলে ওএনজিসি কর্তৃপক্ষের পদক্ষেপ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও মেলেনি।