চিব্রাগ্রে (তুরার কাছে), ১৪ নভেম্বর: ১,০০০ ঐতিহ্যবাহী ঢোলবাদক এবং ৩,০০০ নৃত্যশিল্পীর একযোগে পরিবেশনায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলল মেঘালয়ের ‘১০০ ড্রামস ওয়াংগালা’ উৎসব। গারো হেরিটেজ ভিলেজে উৎসবের সমাপনী দিনে গড়া হয়েছে এই নজির।

গারো সংস্কৃতির এই বার্ষিক উৎসবের সুবর্ণজয়ন্তী সংস্করণ শুরু হয়েছিল ১১ নভেম্বর। চার দিনের অনুষ্ঠানের শেষ দিনেই হয় রেকর্ড গড়ার পরিবেশনা।

সমাপনী অনুষ্ঠানে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত বলেন, গারো পাহাড়কে গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে মেঘালয় সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত কেন্দ্র। তাঁর মতে, ওয়াংগালা উত্তর-পূর্বের একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক আকর্ষণ হয়ে উঠতে পারে।

নাগাল্যান্ডের হর্নবিল উৎসবের উদাহরণ টেনে শেখাওয়াত বলেন, দেশ-বিদেশের দর্শকদের কাছে গারো সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার পাশাপাশি এই উৎসব স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। পর্যটন, আতিথেয়তা, হস্তশিল্প এবং উদ্যোগের ক্ষেত্রে বিশেষত তরুণ প্রজন্ম লাভবান হতে পারে বলেও তিনি জানান।

এই পরিবেশনার মাধ্যমে মুখ্যমন্ত্রী কনরাড কে সাঙ্গমার প্রয়াত বাবা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ পূর্ণ এ সাঙ্গমার একটি ইচ্ছাও পূরণ হল। ১১ নভেম্বর উৎসব উদ্বোধনের সময় কনরাড সাঙ্গমা বলেছিলেন, তাঁর বাবা ১,০০০ ঢোলবাদকের অংশগ্রহণে উৎসবকে আরও বড় আকারে আয়োজন করতে চেয়েছিলেন।

উৎসবে ৩০০-র বেশি স্টলে গারো খাবার, তাঁতের পণ্য, হস্তশিল্প, ঐতিহ্যবাহী গয়না এবং অন্যান্য স্থানীয় সামগ্রী প্রদর্শিত হয়েছে। লোকপরিবেশনা, ঐতিহ্যবাহী নাচ, দেশজ খেলা ও প্রতিযোগিতাও ছিল চার দিনের কর্মসূচিতে।

তৎকালীন পশ্চিম গারো হিলস জেলার আসানাংগ্রেতে ১৯৭৬ সালের ডিসেম্বর মাসে প্রথম ওয়াংগালা উৎসবের আয়োজন হয়েছিল। ফসল কাটার পরে উর্বরতা ও সমৃদ্ধির দেবতা মিসি সালজংকে কৃতজ্ঞতা জানাতেই ঐতিহ্যগত ভাবে এই উৎসব পালিত হয়।