পাঠশালা, ১৫ নভেম্বর: অসম শিশু সাহিত্য ন্যাসের সচিব তথা বিশিষ্ট সাহিত্যিক হৃষীকেশ গোস্বামীকে ‘কথারত্ন’ সম্মান দিল স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন মিশন বজালী। রবিবার পাঠশালায় এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।

সাহিত্য, ভাষা ও সমাজজীবনে তাঁর অবদানের স্বীকৃতিতেই গোস্বামীকে এই সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সংগঠনটি। প্রকৃতি সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ সম্পর্কে সমাজে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে গ্রিন মিশন বজালী দীর্ঘ দিন ধরে নানা কর্মসূচি চালিয়ে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। উপস্থিত ছিলেন বজালী বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধর্মেশ্বর রায়, অসম সৌরভ সম্মানপ্রাপক কৃষ্ণ রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

গ্রিন মিশন বজালীর পরিচালক আনন্দ খাটনিয়ার বহু বছর ধরে প্রকৃতি রক্ষার কাজে যুক্ত। এ বারই প্রথম সংগঠনের তরফে সম্মান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের আশা, সাহিত্য ও সমাজজীবনের বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর এই উদ্যোগ নতুন প্রজন্মকেও ইতিবাচক কাজে উৎসাহিত করবে।