টেংনৌপাল, ১৫ নভেম্বর: মণিপুরের টেংনৌপাল জেলায় ভারত-মায়ানমার আন্তর্জাতিক সীমান্তে অভিযান চালিয়ে মায়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে অসম রাইফেলস। ধৃতের কাছ থেকে ৩টি একে-৪৭ রাইফল, ১৭২ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি এবং ৩টি গ্রেনেড উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ৪৮ বছর বয়সি ছোইতুনৌ। ১৪ নভেম্বর ভারত-মায়ানমার সীমান্তের ৭৫ নম্বর সীমান্ত স্তম্ভের কাছে তাঁকে আটক করা হয়।
গোয়েন্দা সূত্রে খবর ছিল, তিনজন ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে যেতে পারেন। তার পরেই নিরাপত্তাবাহিনী অভিযান শুরু করে। অভিযানের সময় ছোইতুনৌকে আটক করা গেলেও তাঁর সঙ্গে থাকা আরও দু’জন মায়ানমারের দিকে পালিয়ে যান বলে পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ৩টি একে-৪৭ রাইফল, ১৭২ রাউন্ড বিভিন্ন ক্যালিবারের গুলি, ৩টি গ্রেনেড, ২টি টেলিস্কোপিক সাইট এবং গুলির একটি বাক্স। পলাতক দু’জনের ভূমিকা এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎস খতিয়ে দেখা হচ্ছে।