রায়গড়, ১৫ নভেম্বর: দেশে সশস্ত্র নকশালবাদীদের নির্মূল করা হলেও বিভিন্ন সংগঠনের নেতৃত্বের পদে এখনও ‘মানসিক নকশাল’ সক্রিয় রয়েছেন বলে দাবি করলেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর বক্তব্য, সরকার নিজের কাজের মাধ্যমেই এঁদের শিক্ষা দেবে।

রবিবার ছত্তীসগঢ়ের রায়গড়ে একটি কর্মসূচিতে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে নীতিন বলেন, দেশ থেকে নকশালবাদ নির্মূল করার সঙ্কল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্য পূরণে কেন্দ্র ও ছত্তীসগঢ় সরকার কাজ করে চলেছে বলেও জানান তিনি।

যাঁরা বিপ্লব ও সংবিধানের কথা বলেন, অথচ গণতন্ত্রের বিরুদ্ধে মানুষকে উসকানি দেন বলে অভিযোগ, তাঁদের সম্পর্কে সতর্ক থাকার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান বিজেপি সভাপতি।

কংগ্রেসের বিরুদ্ধে জনজাতি সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগও তোলেন নীতিন। তাঁর দাবি, কংগ্রেস রাজনৈতিক লাভের জন্য জনজাতিদের ভোট ব্যবহার করে। অন্য দিকে বিজেপি জনজাতি সম্প্রদায়ের মানুষকে নেতৃত্ব ও দায়িত্বপূর্ণ পদে স্থান দেওয়ায় বিশ্বাসী।