শিবসাগর, ১৫ নভেম্বর: ১৯ জুলাইয়ের বন্যার প্রায় চার মাস পরেও শিবসাগর, চরাইদেউ ও যোরহাট জেলার বহু বন্যাপীড়িত পরিবার সরকারি সাহায্য ও ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ করলেন বিধায়ক অখিল গগৈ। তাঁর দাবি, বাড়িঘর, বিছানাপত্র, বাসনকোসন-সহ ঘরের নানা সামগ্রী নষ্ট হলেও বহু পরিবার প্রাপ্য সাহায্যের অপেক্ষায় রয়েছেন।
গগৈয়ের অভিযোগ, বন্যাপীড়িতদের জন্য ঘোষিত ১৫ হাজার টাকার সাহায্য থেকে এখনও প্রায় ২০ শতাংশ মানুষ বঞ্চিত। তবে বঞ্চিত পরিবারের সংখ্যা বা তাঁদের নামের কোনও তালিকা তিনি প্রকাশ করেননি।
তাঁর আরও দাবি, বন্যাপীড়িতদের দেওয়ার কথা বলা অতিরিক্ত ১০ হাজার টাকাও এখনও কেউ পাননি। এই টাকা কবে এবং কী ভাবে বিলি করা হবে, সে ব্যাপারে সরকারের কাছে স্পষ্ট জবাব চেয়েছেন তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন অখিল গগৈ।
১৯ নভেম্বরের মধ্যে ক্ষতিপূরণের ব্যবস্থা করার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন গগৈ। তা না হলে শিবসাগরে শুরু হওয়া প্রতিবাদী কর্মসূচি অসমজুড়ে ছড়িয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বন্যা-সাহায্য ও ক্ষতিপূরণ বিলির ক্ষেত্রে এসডিআরএফের নিয়ম মেনে জেলা প্রশাসনের ভূমিকা থাকে। কোন জেলায় কত পরিবার ক্ষতিগ্রস্ত, কত পরিবার ১৫ হাজার টাকা পেয়েছে এবং কত পরিবার এখনও সাহায্যের অপেক্ষায় রয়েছে, সেই তথ্য প্রকাশের দাবিও উঠেছে।