কাজিরাঙা, ১৫ নভেম্বর: রঙাজানে ভয়াবহ পথদুর্ঘটনায় জড়িত ট্রাভেলারটির মালিক আনজির আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগাঁও জেলার পানীগাঁওয়ের বাসিন্দা আনজিরের বিরুদ্ধে দুর্ঘটনার পরেই তদন্ত শুরু হয়েছিল।
দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ হয়েছে। যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লক্ষী মাঝি নামে ২০ বছরের এক তরুণীর মৃত্যু হয়েছে।
মৃতদের মধ্যে ১৪ জন মহিলা, ১১ জন পুরুষ এবং একটি শিশু রয়েছে। আহত ১৭ জন এখনও যোরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ছ’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাভেলারটি থেকে আগেই গতি নিয়ন্ত্রক যন্ত্র, অর্থাৎ এসএলডি, খুলে রাখা হয়েছিল। গোলাঘাট জেলার পুলিশ সুপার স্বপ্ননীল ডেকা মুখ্যমন্ত্রীকে এ তথ্য জানিয়েছেন।
গাড়ির সর্বোচ্চ গতি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে এসএলডি ব্যবহার করা হয়। যন্ত্রটি লাগানো থাকলে চালক অ্যাক্সিলারেটরে বেশি চাপ দিলেও নির্ধারিত গতিসীমার বেশি গতিতে গাড়ি চালানো সম্ভব হয় না।
কবে, কার নির্দেশে এবং কী কারণে ট্রাভেলারটি থেকে ওই যন্ত্রটি খোলা হয়েছিল, তা-ও তদন্তের আওতায় আসতে পারে। দুর্ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ।