ভেরগাঁও, ১৫ নভেম্বর: ওদালগুড়ি জেলার রাজাগড়ের ধর্মজুলিতে একটি ছাগলের অস্বাভাবিক চেহারার শাবকের জন্ম ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শাবকটির কপালে চোখ, মুখে নাক নেই। দেখতে অনেকটা পেঁচার মতো ওই শাবকটিকে দেখতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

ধর্মজুলির বাসিন্দা যাদব দাসের বাড়িতে ছাগলটি দু’টি শাবকের জন্ম দিয়েছে। তার মধ্যে একটি শাবকের চেহারা অন্যটির তুলনায় সম্পূর্ণ আলাদা।

জন্মের পর থেকেই অস্বাভাবিক মুখাবয়বের শাবকটি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে না বলে জানা গিয়েছে। সেটিকে দেখতে যাদব দাসের বাড়িতে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা।

তবে শাবকটির এমন শারীরিক গঠনের কারণ এখনও জানা যায়নি। কোনও পশুচিকিৎসকের পরীক্ষা বা এ নিয়ে আনুষ্ঠানিক মতামত এখনও মেলেনি। ফলে এর কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।