লোনি, উত্তরপ্রদেশ: পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে পায়ে গুলি লেগে জখম হলেন দীপক নামে এক অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, তাঁর কাছ থেকে একটি সোনার চেন, একটি কার্তুজ এবং পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে ব্যবহৃত একটি দেশি পিস্তল উদ্ধার হয়েছে।
এসিপি রাম কিশন জানান, রাত প্রায় ১০টা ১৫ থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে বাগপতের দিক থেকে মোটরবাইকে দু’জনকে আসতে দেখা যায়। পুলিশ তাঁদের থামার ইশারা করলে তাঁরা জওলির দিকে খালের পাড়ের রাস্তা ধরে দ্রুত পালানোর চেষ্টা করেন।
পুলিশের তাড়া খেয়ে মোটরবাইকটির নিয়ন্ত্রণ হারান দু’জন। এর পরে তাঁদের কাছে থাকা দেশি পিস্তল থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়, জানিয়েছেন এসিপি রাম কিশন।
পুলিশের দাবি, গুলিতে জখম হওয়ার পরে দীপক নিজের পরিচয় দেন। তিনি শামলির বাসিন্দা রতিরামের ছেলে। তাঁর পকেটে প্লাস্টিকের ব্যাগে মোড়া সোনার চেন এবং একটি কার্তুজ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ। মোটরবাইকটির কোনও নথিও তিনি দেখাতে পারেননি। সেটি চুরি করা বলে তিনি স্বীকার করেছেন বলেও দাবি পুলিশের।
পুলিশের দাবি, দীপক জানিয়েছেন, দীপাবলির এক সপ্তাহ আগে চিরৌলি বাজার থেকে ছিনতাই হওয়া চেনটিই উদ্ধার হয়েছে। সেটি বিক্রি করতেই তাঁরা যাচ্ছিলেন। তাঁর সঙ্গী হরি প্রকাশ পালিয়ে গিয়েছেন। জখম দীপককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে এবং পরে তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ।