নয়াদিল্লি, ১৮ নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে বুধবার দিল্লির ভারত মণ্ডপমে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা। সরকারি প্রকল্পগুলির অগ্রগতি, অসমাপ্ত কাজ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের প্রধান অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় আয়োজিত ৪৯তম আসিয়ান সম্মেলনে যোগ দিয়ে দেশে ফেরার পরেই এই বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। ১৬ ও ১৭ নভেম্বর ম্যানিলার ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন তিনি।
প্রতিটি দফতরের মন্ত্রীকে মোদী নির্দেশ দেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ সরাসরি ও সহজে পান, সে দিকে বিশেষ নজর দিতে হবে। আগের বৈঠকের পরে বিভিন্ন দফতরের নেওয়া কাজের অগ্রগতিও তিনি পর্যালোচনা করেন। অসমাপ্ত কাজের হিসাব নেওয়ার পাশাপাশি আগামী দিনের কর্মপন্থা নিয়েও আলোচনা হয়।
সেপ্টেম্বরে আয়োজিত চিন্তন শিবিরে মন্ত্রীদের দেওয়া লক্ষ্য ও দায়িত্ব পালনের অগ্রগতিরও মূল্যায়ন করা হয়। সরকারের প্রধান অগ্রাধিকার এবং বিভিন্ন প্রকল্পের অবস্থা নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা হয়। দারিদ্র্য দূরীকরণ ও বামপন্থী উগ্রবাদের অবসান নিয়েও আলোচনা হয়।
বৈঠকে মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযানের প্রসঙ্গও বিশেষ ভাবে ওঠে। যুবসমাজকে নেশার কবল থেকে রক্ষায় কোনও রকম শিথিলতা না দেখানোর জন্য মন্ত্রীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
‘বিকশিত ভারত ২০৪৭’-এর পরিকল্পনাও ছিল বৈঠকের অন্যতম প্রধান বিষয়। ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তৈরি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অগ্রগতি খতিয়ে দেখা হয়। এ জন্য গঠিত সচিবদের ১০টি ক্ষেত্রভিত্তিক গোষ্ঠীর কাজ নিয়েও আলোচনা হয়।
সরকারের প্রতিটি প্রকল্পের সুবিধা সমাজের শেষ ব্যক্তির কাছেও পৌঁছে দিতে মন্ত্রীদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মোদী। সুশাসনের লক্ষ্য যাতে কেবল কাগজে সীমাবদ্ধ না থেকে বাস্তবে কার্যকর হয়, তার উপরেও জোর দেন তিনি।