নতুন দিল্লি, ১৮ নভেম্বর: ভিড় নিয়ন্ত্রণের অভিযানে মহিলা বিক্ষোভকারী বা অন্য মহিলাদের শুধু মহিলা পুলিশকর্মীরাই সামলাবেন, এমন কোনও আইনি বাধ্যবাধকতা নেই বলে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে দিল্লি পুলিশ।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলাকালে মহিলা বিক্ষোভকারী ও মহিলা সাংবাদিকদের সঙ্গে পুরুষ পুলিশকর্মীদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতেই আদালতে নিজেদের অবস্থান জানাল পুলিশ।
নেটওয়ার্ক অব উইমেন ইন মিডিয়া, ইন্ডিয়া, দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস, ফ্রি স্পিচ কালেক্টিভ এবং কেরল ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস এ নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। আবেদনকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী আর্থী রাজন।
দিল্লি পুলিশের বক্তব্য, মহিলাদের তল্লাশি বা গ্রেফতারের ক্ষেত্রে মহিলা পুলিশকর্মীর উপস্থিতি সংক্রান্ত যে আইনি বিধান রয়েছে, ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে তা একই ভাবে প্রযোজ্য নয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ২০২৩-এ তল্লাশি ও গ্রেফতারের বিষয়ে মহিলাদের জন্য নির্দিষ্ট ব্যবস্থা থাকলেও ভিড় সামলানোর ক্ষেত্রে কেবল মহিলা পুলিশই মহিলাদের নিয়ন্ত্রণ করবেন, এমন বাধ্যতামূলক বিধান নেই।
পুলিশ জানিয়েছে, বিক্ষোভস্থলে মহিলা পুলিশ মোতায়েন করা হবে কি না, তা পরিস্থিতির উপর নির্ভর করে ঠিক করা হয়। শালীনতা বজায় রাখা, অপ্রয়োজনীয় সংঘাত এড়ানো এবং উত্তেজনা প্রশমনের বিষয়গুলি বিবেচনায় রাখা হয়। শুধু পুরুষ পুলিশকর্মীর উপস্থিতি বা তাঁদের হস্তক্ষেপের কারণেই তা অসদাচরণ বলে গণ্য করা যায় না বলেও দাবি পুলিশের। জরুরি পরিস্থিতিতে পুরুষ পুলিশকর্মীরা প্রথমে সাড়া দিতে পারেন এবং মহিলা পুলিশকে সাহায্যও করতে পারেন বলে হলফনামায় জানানো হয়েছে।
গত ১১ অক্টোবর সাংবাদিক, আইনজীবী ও অন্য পেশাজীবীদের কাজের ক্ষেত্রে বাধা না দিতে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেই প্রসঙ্গও তুলেছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, ওই নির্দেশ রিল নির্মাতা, সমাজমাধ্যমের প্রভাবশালী ব্যক্তি অথবা নিষিদ্ধ জমায়েতে পুলিশের বৈধ নির্দেশ অমান্যকারীদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
পুলিশের বক্তব্য, বিক্ষোভস্থলে ক্যামেরা ও মাইক্রোফোন নিয়ে থাকা কয়েক জন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে বর্তমান আইনে রিল নির্মাতা বা বিষয়বস্তু নির্মাতাদের কর্মরত সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। সাংবাদিক এবং রিল নির্মাতাদের মধ্যে স্পষ্ট তফাত করা কঠিন হয়ে পড়েছিল বলেও দাবি করা হয়েছে।
বিক্ষোভকারীদের সরিয়ে আইনশৃঙ্খলা ফেরানোই অভিযানের উদ্দেশ্য ছিল বলে আদালতকে জানিয়েছে পুলিশ। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার কোনও উদ্দেশ্য তাদের ছিল না বলেও দাবি করা হয়েছে।