নামাক্কাল, ১৮ নভেম্বর: বার্ড ফ্লুর আতঙ্কে তামিলনাড়ুর নামাক্কালের ডিম শিল্প গভীর সংকটে পড়েছে। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান এবং দক্ষিণ আফ্রিকার আমদানিকারীরা আগে দেওয়া ডিমের অর্ডার বাতিল করায় রফতানিতে বড় ধাক্কা লেগেছে।
ভারতের অন্যতম বৃহৎ পোল্ট্রি উৎপাদনকেন্দ্র নামাক্কাল থেকে ডিম আমদানিতে অনীহা দেখাচ্ছে বিভিন্ন দেশ। নামাক্কালে বার্ড ফ্লু ছড়ানোর খবরের পর এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। ফলে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ীদের পক্ষে উৎপাদন খরচ তোলাও কঠিন হয়ে উঠছে।
প্রায় ছয় মাস আগে নামাক্কাল থেকে প্রতি মাসে প্রায় ২৫ কোটি ডিম বিদেশে রফতানি হত। হরমুজ প্রণালীর সমস্যায় সেই পরিমাণ কমে ১৫ কোটিতে নেমেছিল। বর্তমানে তা অর্ধেকেরও কম বলে জানা গিয়েছে।
নামাক্কালে এক হাজারের বেশি পোল্ট্রি ফার্ম রয়েছে। সেখান থেকে প্রতিদিন প্রায় ৬ কোটি ডিম উৎপাদন হয়। শীতকালে কেক তৈরির জন্য ডিমের চাহিদা বাড়ার সময়েই রফতানি কমে যাওয়ায় ব্যবসায়ীদের উদ্বেগ বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে পোল্ট্রি ফার্ম জীবাণুমুক্ত করা, বাইরের লোকের প্রবেশ নিয়ন্ত্রণ এবং মুরগির খাবার আগাম জীবাণুমুক্ত করার ব্যবস্থা নিয়েছেন ব্যবসায়ীরা।