বেইজিং, ১৬ নভেম্বর: ১৯ নভেম্বর চিনে প্রথমবার একসঙ্গে বৈঠকে বসতে চলেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার চিনের বিদেশ মন্ত্রক ত্রিপাক্ষিক শীর্ষ বৈঠকের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

চিনের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, দক্ষিণ চিনের শেনঝেন শহরে শি জিনপিং রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ‘চিন-রাশিয়া-আমেরিকা রাষ্ট্রপ্রধানদের বৈঠকে’ যোগ দেবেন। তবে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে, সে সম্পর্কে বেইজিং এখনও নির্দিষ্ট তথ্য জানায়নি।

১৮ ও ১৯ নভেম্বর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা বা এপেকের নেতাদের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের ফাঁকেই তিন রাষ্ট্রনেতার বৈঠক হওয়ার কথা। এর আগে হোয়াইট হাউস এবং ক্রেমলিনও ওই বৈঠকের কথা নিশ্চিত করেছিল।

জানা গিয়েছে, পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর বিষয়টি বৈঠকে তুলতে চান ট্রাম্প। ইরানের সঙ্গে চলতে থাকা যুদ্ধ নিয়েও আলোচনা হতে পারে। তবে মার্কিন আধিকারিকদের মতে, ইউক্রেন যুদ্ধ এই বৈঠকের আলোচ্য হওয়ার সম্ভাবনা কম।

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার সম্প্রতি শি জিনপিংয়ের সঙ্গে তাঁর আলোচনার প্রসঙ্গ তুলে বলেছেন, ইউক্রেন যুদ্ধকে এই বৈঠকের আলোচ্য হিসেবে তোলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন চিনের প্রেসিডেন্ট। শি-র মতে, ইউক্রেন যুদ্ধ ইউরোপ-সংক্রান্ত বিষয় এবং এ নিয়ে আলোচনায় ইউরোপীয় দেশগুলিরও অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত।

পারমাণবিক নিরস্ত্রীকরণে চিনের অবস্থান হল, আমেরিকা ও রাশিয়াকে আগে তাদের বিপুল পারমাণবিক অস্ত্রভান্ডার কমানোর পদক্ষেপ নিতে হবে। তার পরেই নিজেদের পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি বিবেচনা করবে চিন।