লখনউ, ১৭ নভেম্বর: উত্তরপ্রদেশের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দাবি, পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকায় থাকা প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম ভারতীয় নির্বাচন কমিশনের ভোটার তালিকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাঁর আরও দাবি, সরকারি কল্যাণমূলক প্রকল্পের প্রায় ৫৫ লক্ষ হিন্দু উপভোক্তা এবং ১৮ থেকে ১৯ বছর বয়সি প্রায় ৪.৫ লক্ষ ভোটারের নামও তালিকায় নেই। এই ফারাকের বিষয়টি জানিয়ে রাজ্য সরকার নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে বলেও জানান তিনি।

যোগী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। তা সত্ত্বেও ভোটার তালিকায় অসঙ্গতির বিষয়টি তুলে ধরা জরুরি বলে তিনি মনে করেন।

নির্বাচন দফতর ভোটারের ধর্ম বা জাতি অনুযায়ী কোনও তথ্য সংরক্ষণ করে না।

উত্তরপ্রদেশের মুখ্য নির্বাচনী আধিকারিক নবদীপ রিনওয়া জানান, ভোটার তালিকায় শুধু নাম, বাবা বা স্বামীর নাম, বয়স, বাড়ির নম্বর এবং লিঙ্গের মতো তথ্য থাকে। ধর্ম ও জাতির জন্য নির্বাচন দফতরের তথ্যভান্ডারে কোনও পৃথক বিভাগ নেই।

তাঁর বক্তব্য, ভোটার তালিকা প্রকাশ্য নথি হওয়ায় সংবাদমাধ্যম এবং স্বতন্ত্র বিশ্লেষকেরা নাম বা অন্যান্য উপলব্ধ তথ্যের ভিত্তিতে নিজস্ব বিশ্লেষণ করতেই পারেন। তবে সেই বিশ্লেষণকে নির্বাচন দফতরের সরকারি তথ্য বা সিদ্ধান্ত বলা যাবে না।

২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ১৩,৫৮,৬৮,৯০৫ জন ভোটারের নাম রয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ৭,৩৮,৫৮,৫১০ জন, মহিলা ৬,২০,০৬,৩৫৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪,০৪২ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সি ভোটারের সংখ্যা ১১,৮৩,৩৫২ জন।

নবদীপ রিনওয়ার দাবি, এপ্রিল মাসে এসআইআর প্রক্রিয়ার পরে প্রকাশিত চূড়ান্ত তালিকার তুলনায় নতুন খসড়া তালিকায় ভোটার বেড়েছে ১৮,৮৪,১১৩ জন। খসড়া তালিকা নিয়ে দাবি ও আপত্তি জমা দেওয়ার সময়সীমা ১৭ নভেম্বর থেকে ১৬ ডিসেম্বর। ২৮ ডিসেম্বরের মধ্যে সেগুলির নিষ্পত্তির পরে ২০২৭ সালের ৪ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে।

ভোটারদের সুবিধার জন্য রাজ্যের ১,৭৩,৭৩০টি ভোটকেন্দ্রে ২১, ২২, ২৮ এবং ২৯ নভেম্বর বিশেষ শিবিরের আয়োজন করা হবে। নতুন নাম তোলা, নাম বাদ দেওয়া এবং তথ্য সংশোধনের জন্য যথাক্রমে ফর্ম ৬, ফর্ম ৭ ও ফর্ম ৮ ব্যবহার করা যাবে।