শিবসাগর, ১৮ নভেম্বর: আহোম জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরির ষড়যন্ত্রের অভিযোগ তুলে শিবসাগর শহরের দৌলমুখ চারিআলিতে তীব্র বিক্ষোভ দেখাল সদৌ টাই আহোম ছাত্র সংস্থা (আটাছু)। বিক্ষোভ কর্মসূচিতে সাংসদ তথা মন্ত্রী যোগেন মহনের প্রতিকৃতি দাহ করে ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের কর্মীরা।
আটাছুর অভিযোগ, গত রবিবার মরাণহাটের জজলিতে অনুষ্ঠিত আহোম জনগোষ্ঠীর টাই-মোদের সম্মেলনে গৃহীত কয়েকটি প্রস্তাব জনগোষ্ঠীর মধ্যে বিভাজন তৈরি করতে পারে। বিশেষ করে, আহোম জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ফুকন, দেওধাই এবং বাইলুংদের পৃথক ভাবে জনজাতিকরণের দাবিতে প্রস্তাব গ্রহণের বিরোধিতা করেছে সংগঠনটি।
সংগঠনের দাবি, এই প্রস্তাবের নেপথ্যে যোগেন মহন-সহ কয়েক জনের ষড়যন্ত্র রয়েছে।
“আহোম জনগোষ্ঠীকে ভাগ করার ষড়যন্ত্র বন্ধ করুন” এবং “যোগেন মহন হায় হায়”— বিক্ষোভস্থলে এই স্লোগান দেন আটাছু কর্মীরা।
শতাধিক কর্মী ও পদাধিকারী ওই কর্মসূচিতে যোগ দেন। আহোম জনগোষ্ঠীর ঐক্য ও সংহতি নষ্ট করার যে কোনও চেষ্টা বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে আটাছু।