নয়াদিল্লি, ১৮ নভেম্বর: দেশের মোট বায়ুদূষণের প্রায় ৪০ শতাংশের জন্য পরিবহণ ক্ষেত্র দায়ী বলে জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়কমন্ত্রী নিতিন গডকড়ী। ওই মন্ত্রকের দায়িত্বে থাকার কারণে নৈতিক ভাবে নিজেকেও এর জন্য দায়ী মনে করেন তিনি।
১৭ নভেম্বর নয়াদিল্লিতে সিআইআই-এর ১৪তম বায়োএনার্জি সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে গডকড়ী বলেন, উন্নত রাস্তা তৈরির সঙ্গে সঙ্গে দেশে গাড়ির সংখ্যাও বেড়েছে। পেট্রল ও ডিজেলচালিত গাড়ি থেকে নির্গত ধোঁয়ায় বায়ুদূষণের সমস্যা আরও জটিল হয়েছে।
“ভারতের ৪০ শতাংশ বায়ুদূষণের জন্য আমি নিজেকে দায়ী করি।”
বায়ুদূষণ কমানো এবং পেট্রল-ডিজেলের উপর নির্ভরতা হ্রাসে ইথানল, মিথানল, বায়োডিজেল, গ্রিন হাইড্রোজেন ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর পক্ষে সওয়াল করেছেন মন্ত্রী।
তাঁর বক্তব্য, জৈব জ্বালানির উৎপাদন বাড়লে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হবে। কৃষকেরা শুধু অন্নদাতা নন, শক্তিদাতা ও জ্বালানিদাতা হিসেবেও পরিচিত হতে পারেন বলে মন্তব্য করেন গডকড়ী।