মুম্বইয়ের বস্তি এলাকার একটি ছোট ঘরে বড় হওয়া গৌতম পাডিভার এখন ভারতীয় বন পরিষেবার আধিকারিক। কোনও আনুষ্ঠানিক কোচিং ছাড়াই জেইই উত্তীর্ণ হয়ে আইআইটি মাদ্রাজে ভর্তি হন তিনি। পরে ২০২২ সালের ইউপিএসসি-র ভারতীয় বন পরিষেবা পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ১৩৯তম স্থান পান গৌতম।
গৌতমের বাবা মারা যাওয়ার পরে সংসারের দায়িত্ব পড়ে তাঁর মা সখুবাই পাডিভারের উপর। স্কুলে পড়ার সুযোগ না পাওয়া সখুবাই প্রথমে গ্রামে দিনমজুরের কাজ করতেন। পরে মুম্বইয়ের বস্তি এলাকায় রাস্তায় আবর্জনা কুড়িয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনাও চালিয়ে যান তিনি।
মুম্বইয়ের প্রায় ১০ ফুট বাই ১০ ফুটের একটি ঘরে বড় হওয়া গৌতম মহারাষ্ট্রের জালনা জেলার জওহর নবোদয় বিদ্যালয়ে পড়াশোনা করেন। বস্তির কোলাহলে পড়াশোনার পরিবেশ না মেলায় তিনি ভোর প্রায় ৪টেয় উঠে পড়তেন।
জেইই পেরিয়ে আইআইটি মাদ্রাজে ভর্তি হয়ে সেখান থেকে বিটেক ডিগ্রি সম্পূর্ণ করেন গৌতম। ইঞ্জিনিয়ারিংয়ের পড়াশোনার পরে তিনি ইউপিএসসি-র ভারতীয় বন পরিষেবা পরীক্ষায় বসেন। ২০২২ সালের পরীক্ষার ফলের ভিত্তিতে তিনি ২০২৩ ব্যাচের ছত্তীসগঢ় ক্যাডারের আধিকারিক হিসেবে নিয়োগ পান।
বর্তমানে গৌতম ছত্তীসগঢ়ের জগদলপুরের কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যানের সঞ্চালকের দায়িত্বে রয়েছেন। সম্প্রতি মা তাঁর কার্যালয়ে গেলে গৌতম তাঁকে নিজের চেয়ারে বসান। সেই মুহূর্তের ছবি তিনি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন।