দিল্লি, ১৮ নভেম্বর: কাশ্মীরী গেট এলাকার যুধিষ্ঠির সেতুতে দ্রুতগতির একটি টয়োটা ফর্চুনারের ধাক্কায় দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছ’জন।

১৭ ও ১৮ নভেম্বরের মাঝরাতে, প্রায় ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফর্চুনারটি প্রথমে যাত্রীবোঝাই একটি অটোরিকশায় ধাক্কা মারে। তার পরে রাস্তার ধারে থাকা কয়েক জনকেও ধাক্কা দেয় গাড়িটি।

দুর্ঘটনায় মোট আট জন আহত হন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা তিন যাত্রীর মধ্যে দু’জন মারা গিয়েছেন। অন্য এক জন এখনও চিকিৎসাধীন। রাস্তার ধারে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরেই ফর্চুনারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। প্রথমে কাশ্মীরী গেট থানায় দ্রুত ও বেপরোয়া গাড়ি চালানো এবং অন্যের জীবন বিপন্ন করে আহত করার অভিযোগে মামলা রুজু হয়েছিল। দু’জনের মৃত্যুর পরে মামলায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ ধারা যুক্ত করা হয়েছে।

পলাতক চালককে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশ। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য খতিয়ে দেখে ঘটনার তদন্ত চলছে।