মাজুলি, ১৯ নভেম্বর: আর মাত্র তিন দিন। রাস মহোৎসবকে ঘিরে কৃষ্ণপ্রেমে মেতে উঠেছে সত্রনগরী মাজুলি। খোল-তাল, বরগীত ও বাঁশির সুরে মুখর নদীদ্বীপের নানা প্রান্তে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
এ বার মাজুলির প্রায় ৬৫টি রঙ্গমঞ্চ এবং ১২টি সত্রে রাস মহোৎসবের আয়োজন করা হবে। শিল্পী, ভকত ও আয়োজকেরা মহড়া, মঞ্চসজ্জা এবং অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত।
২৩ থেকে ২৬ নভেম্বর মাজুলিতে রাস মহোৎসব পালিত হবে। মূল রাসপূর্ণিমা পড়েছে ২৪ নভেম্বর। মাজুলি জেলা প্রশাসন ২৫ নভেম্বর, বুধবার জেলায় স্থানীয় ছুটি ঘোষণা করেছে।
ভকত চাপরির শঙ্কর-মাধব কৃষ্টি বিকাশ কেন্দ্রে ২৩ ও ২৪ নভেম্বর দু’দিনের বর্ণাঢ্য কর্মসূচিতে শ্রীকৃষ্ণের সম্পূর্ণ রাসলীলা অনুষ্ঠিত হবে। এলাকাজুড়ে ইতিমধ্যেই উৎসবের আবহ তৈরি হয়েছে।
সত্র ও রঙ্গমঞ্চগুলিতে শ্রীকৃষ্ণের জন্ম, শঙ্খচূড়, অঘাসুর ও বকাসুর বধের মতো লীলার মহড়া চলছে। নতুন চামগুড়ি সত্রের শিল্পীরা অসুর ও পৌরাণিক চরিত্রের মুখোশ তৈরিতে ব্যস্ত।
দক্ষিণপাট, গড়মূর, আউনিআটি, উত্তর কমলাবাড়ি ও নতুন কমলাবাড়ি সত্রেও প্রথা মেনে রাসলীলা প্রদর্শনের প্রস্তুতি চলছে। উৎসব দেখতে আসা দেশ-বিদেশের পর্যটকদের স্বাগত জানাতে সত্র, স্থানীয় পরিবার এবং হোমস্টেগুলিও ব্যবস্থা করছে।