শিবসাগর, ১৯ নভেম্বর: ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামফলকে অসমিয়া ভাষা ব্যবহার না করার অভিযোগে শিবসাগরে অভিযান চালাল জাতীয় সংগ্রামী সেনা, অসম। শহরের বিভিন্ন এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিদর্শন করে নামফলকগুলি খতিয়ে দেখে সংগঠনটি।

সংগঠনের দাবি, শিবসাগরের সব ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আগামী ৩০ দিনের মধ্যে নামফলকে বাধ্যতামূলক ভাবে স্পষ্ট অক্ষরে অসমিয়া ভাষা ব্যবহার করতে হবে। নামফলকে অসমিয়া অক্ষর শুদ্ধ ভাবে এবং সহজে দেখা যায় এমন ভাবে লেখার উপরেও জোর দিয়েছে তারা।

জাতীয় সংগ্রামী সেনা, অসমের সভাপতি চিতু বরুয়া হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত ৩০ দিনের মধ্যে কোনও প্রতিষ্ঠান নামফলকে অসমিয়া ভাষা ব্যবহার না করলে সেই ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।

অসমে ব্যবসা করা প্রতিটি প্রতিষ্ঠানকেই অসমিয়া ভাষা ও সংস্কৃতিকে সম্মান জানাতে হবে।

শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, শিবসাগরের সব সরকারি ও বেসরকারি দফতর এবং প্রতিষ্ঠানের নামফলকেও শুদ্ধ অসমিয়া ভাষা ব্যবহারের দাবি জানিয়েছে সংগঠনটি।

নামফলকে অসমিয়া অক্ষর ভুল ভাবে লেখা বা খুব ছোট অক্ষরে লেখার প্রবণতা বন্ধ করে মাতৃভাষাকে যথাযথ মর্যাদা দেওয়ার আবেদনও জানানো হয়েছে।