মৈরাবাড়ি: নেশাজাতীয় দ্রব্য কেনার জন্য টাকা না পেয়ে স্ত্রীর নাক কেটে দেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মৈরাবাড়ি থানার অন্তর্গত শগুণবাহি গ্রামে।

অভিযোগ, ইকবাল হুসেইন তাঁর স্ত্রী ফুলেচা বেগমের উপর হামলা চালান। তিন সন্তানের মা ফুলেচার অভিযোগ, দীর্ঘ দিন ধরে তিনি স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন।

ফুলেচার দাবি, ইকবাল মদ, ভাং ও মাদকে আসক্ত। নেশার সামগ্রী কেনার জন্য তিনি প্রায়ই স্ত্রীর কাছে টাকা চাইতেন। টাকা দিতে অস্বীকার করলেই ফুলেচার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন বলে অভিযোগ।

এ বার নেশার জন্য টাকা না দেওয়ায় ইকবাল তাঁর উপর হামলা চালিয়ে নাক কেটে দেন বলে অভিযোগ ফুলেচার।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ইকবালের বিরুদ্ধে মৈরাবাড়ি থানায় এজাহার দায়ের করেছেন ফুলেচা বেগম।