অসমের অস্থায়ী বনকর্মীরা এ বার ব্যক্তিগত দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন। কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনা, বন্যপ্রাণীর হামলা বা অন্য বিপদের মুখে পড়লে এই বিমার আওতায় থাকবেন তাঁরা।

প্রিন্স উইলিয়ামের নেতৃত্বাধীন ইউনাইটেড ফর ওয়াইল্ডলাইফের পাঁচ বছরের আন্তর্জাতিক কর্মসূচিতে এই সুবিধা দেওয়া হবে। ২১ নভেম্বর ঘোষিত এই কর্মসূচি ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা।

অসমের পাশাপাশি মধ্যপ্রদেশ, কর্নাটক, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কেরল ও রাজস্থানের মোট ১০ হাজার বনকর্মীকে এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। কাজিরাঙা, মানস, ওরাং ও নামেরি জাতীয় উদ্যান-সহ অসমের বিভিন্ন বনাঞ্চলে কর্মরত কর্মীরাও এর সুবিধা পাবেন।

বিমাটি কর্মক্ষেত্রের পাশাপাশি কর্মসময়ের বাইরেও ২৪ ঘণ্টা সুরক্ষা দেবে। বন্যপ্রাণীর হামলা, সাপের কামড়, জলে ডুবে মৃত্যু, বন্যা, ভূমিধস, ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া, আগুনে পুড়ে যাওয়া, যাত্রাপথে দুর্ঘটনা এবং কর্তব্যসংক্রান্ত হামলায় মৃত্যু বা গুরুতর জখমের ক্ষেত্রে বিমার সুবিধা মিলবে।

বহু অস্থায়ী বনকর্মী দৈনিক মজুরির ভিত্তিতে বনপ্রহরীর কাজ করেন। সরকারি বিমার সুবিধার আওতায় না থাকায় কর্তব্যরত অবস্থায় গুরুতর জখম বা মৃত্যু হলে তাঁদের পরিবারকে আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হয়।

কে এম দস্তুর অ্যান্ড কোম্পানি কর্মসূচিটির পরিকল্পনা করেছে। ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া ও ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়া, ভ্যালুআর্থ কনজারভেশনের সহযোগিতায় তা রূপায়ণ করবে। ভারতে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স উদ্যোগটির সমন্বয়ের দায়িত্বে থাকবে। রেঞ্জ ফরেস্ট অফিসার, ডেপুটি রেঞ্জার, ফরেস্টার, ফরেস্ট গার্ড এবং অস্থায়ী বনকর্মীদের এই কর্মসূচিতে ‘রেঞ্জার’ হিসেবে ধরা হয়েছে।