২০২৬ সালের অসম বিধানসভা নির্বাচন এবং নগাঁও লোকসভা কেন্দ্রের উপনির্বাচনকে ‘অবৈধ’ বলে দাবি করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। নির্বাচনী অনিয়মের অভিযোগ থাকলেও বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াই থেকে কংগ্রেস সরে আসবে না বলেও তিনি জানিয়েছেন।

এক সাংবাদিক সম্মেলনে গৌরবের বক্তব্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেই অনিয়মের তথ্য সংগ্রহ করে তা মানুষের সামনে তুলে ধরা সম্ভব হবে। নগাঁও উপনির্বাচনে বিজেপি ‘ফাউল’ করে জিতেছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর আশঙ্কা, অসমে নির্বাচনী কেন্দ্র পুনর্নির্ধারণের মাধ্যমেও ফের অনিয়মের চেষ্টা হতে পারে।

ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, বিভিন্ন রাজ্যে এই প্রক্রিয়ায় একই পরিবারের একাধিক সদস্যের নাম পুনরাবৃত্তি, ভোটারের নাম বাদ পড়া এবং নাম স্থানান্তরের মতো সমস্যা দেখা গিয়েছে। অসমেও এসআইআর প্রক্রিয়ায় অসঙ্গতি রয়েছে বলে দাবি তাঁর। অবৈধ বাংলাদেশি চিহ্নিতকরণ নিয়ে বিজেপির পুরনো দাবির প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, এসআইআরের পরে কত জন অবৈধ বাংলাদেশিকে চিহ্নিত করা হয়েছে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবহণ দফতরের কাজ নিয়েও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে নিশানা করেছেন গৌরব। রঙাজানার দুর্ঘটনার প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, পরিবহণ দফতর নিয়ে আলোচনা হলেও স্বাস্থ্য দফতরের দায় এবং চিকিৎসা পরিষেবার দুর্বলতাকেও সমান গুরুত্ব দিয়ে দেখা দরকার। গোলাঘাট বা কাজিরঙায় দুর্ঘটনা ঘটলে আহতেরা কোহরায় উন্নত চিকিৎসা পাবেন কি না এবং গোলাঘাটের কুহলকুয়া অসামরিক হাসপাতালে পর্যাপ্ত উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি।

গৌরবের অভিযোগ, রাজ্যে বহু চিকিৎসা প্রতিষ্ঠানের বড় ভবন তৈরি হলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা, ঘর এবং রোগী পরিচর্যার ব্যবস্থা নেই। ফলে বহু রোগীকে বেসরকারি হাসপাতালে যেতে হচ্ছে। স্বাস্থ্য দফতরের কাজকর্ম এবং ঠিকাদারি ব্যবস্থাতেও ব্যাপক অনিয়ম চলছে বলে তাঁর দাবি।

উপর অসমে সিন্ডিকেটকে কেন্দ্র করে বিজেপির অন্দরে সংঘাত চলছে বলেও দাবি করেছেন গৌরব। তাঁর অভিযোগ, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত বলে যাঁদের নাম উঠে এসেছে এবং যাঁরা সেই ব্যবস্থা নিজেদের দখলে নিতে চান, তাঁরা সকলেই বিজেপির। মুখ্যমন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ মন্ত্রীদের মধ্যে শীতল সংঘাত চলছে এবং দলের ভিতর থেকেই সংবাদমাধ্যমে তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

মাদক সমস্যার সমাধান শুধু পুলিশের মাধ্যমে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গৌরব। আসক্তদের পুনর্বাসন ও চিকিৎসা, আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা এবং বিশেষজ্ঞ, চিকিৎসক ও সংশ্লিষ্ট পক্ষের পরামর্শ নিয়ে বাস্তবসম্মত পরিকল্পনা তৈরির দাবি জানিয়েছেন তিনি। মাদকের নামে বিজেপি অর্থ সংগ্রহ করে দলীয় কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন গৌরব। যদিও সাংবাদিক সম্মেলনে এই অভিযোগের সমর্থনে কোনও নথি বা প্রমাণ তিনি পেশ করেননি।

হিন্দু-মুসলিম বিভাজন ও গালিগালাজের রাজনীতির বদলে নতুন প্রজন্ম শিক্ষা, চিকিৎসা এবং বাস্তব সমস্যার সমাধান চায় বলে তাঁর দাবি। ব্রিটিশদের বিরুদ্ধে কংগ্রেসের দীর্ঘ লড়াইয়ের কথা উল্লেখ করে গৌরব বলেন, বিজেপির বিরুদ্ধেও লড়াই চলবে এবং নির্বাচনী অনিয়মের অভিযোগ থাকলেও কংগ্রেস রণক্ষেত্র ছেড়ে যাবে না।