তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে বিজেপি যুব মোর্চার নেতা শিবচাঁদ হাতীবরুয়াকে দল থেকে বহিষ্কার করল অসম বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ শইকীয়ার নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিন দুয়েক আগে উজনি অসমে শিবচাঁদের বিরুদ্ধে সিন্ডিকেট চালানোর অভিযোগ সামনে আসে। কয়েকটি ফোনালাপ ভাইরাল হওয়ার পরেই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ওই কথোপকথনকে কেন্দ্র করেই তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগ উঠেছে।

ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে দিলীপ বলেন, বিজেপির নাম ব্যবহার করে একাংশ লোক দালালিতে নেমেছে। তাঁর দাবি, প্রকৃত বিজেপি কর্মীরা কখনও এ ধরনের কাজে যুক্ত হন না। দলে একাংশ দালাল কর্মী রয়েছেন বলেও তিনি স্বীকার করেছেন।

দলীয় কর্মীদের এ ধরনের ব্যক্তিদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দিলীপ। অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ মানুষকেও অভিযোগ দাখিলের আহ্বান জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা বলেন, কারও সঙ্গে ছবি তোলার অর্থ এই নয় যে, তাঁর সঙ্গে সম্পর্ক রয়েছে। ছবি তোলার আগে কারও পরিচয় বা পটভূমি যাচাই করা হয় না বলেও তাঁর মন্তব্য। কেউ অপরাধ করলে তিনি বিজেপি বা অগপ— যে দলের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন পবিত্র।

শিবচাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ভাইরাল ফোনালাপের বিষয়টি এখন অসমের রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।