ঢাকা, ২২ নভেম্বর: বাংলাদেশের নড়াইল জেলার বেন্দারচর গ্রামে আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত সপ্তাহে বিএনপির দুই নেতা খুনের ঘটনার পর শুক্রবার এই হামলা হয় বলে জানা গিয়েছে।

কালিয়া ব্লকের বেন্দারচর গ্রামে শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত হামলা চলে বলে অভিযোগ। আওয়ামি লিগের প্রাক্তন সাংসদ বি এম কবিরুল হক মুক্তি, কালিয়া পুরসভার প্রাক্তন মেয়র মুশফিকুর রহমান লিটন এবং দলের স্থানীয় সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষের বাড়িও হামলার নিশানা হয়।

গ্রামবাসীদের অভিযোগ, বিএনপি সমর্থকেরা প্রায় ৫০টি বাড়ি ও দোকানে ভাঙচুর ও লুটপাট চালানোর পরে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় বিএনপি নেতৃত্ব ওই অভিযোগ অস্বীকার করেছে।

দমকলকর্মীরা রাত প্রায় ৮টায় ঘটনাস্থলে পৌঁছে ২০ থেকে ৩০টি বাড়ি পুড়ে যাওয়া অবস্থায় দেখেন বলে জানা গিয়েছে। যদিও কালিয়া ব্লকের কার্যনির্বাহী আধিকারিক মহম্মদ জিন্নাতুল ইসলাম জানান, প্রাক্তন সাংসদের বাড়ি-সহ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে এবং পাঁচ থেকে ছ’টি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নড়াইল জেলা পুলিশের বক্তব্য, গত সপ্তাহে নিহত দুই বিএনপি নেতার আত্মীয় ও সমর্থকেরা শুক্রবার বেন্দারচরে জড়ো হয়ে খুনের সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা আওয়ামি লিগ নেতা-কর্মীদের সম্পত্তিতে হামলা চালান। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

১৮ নভেম্বর নড়াইলে বিএনপির উদ্যোগে একটি মোটরবাইক মিছিলে হামলায় দলের দুই নেতা নিহত হন। তার পর থেকেই এলাকায় উত্তেজনা বেড়েছে।

এ দিকে, পটুয়াখালীতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আওয়ামি লিগের তিন প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাবনা জেলার বেড়া পুরসভা এলাকায় শনিবার বিএনপি ও আওয়ামি লিগ সমর্থকদের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।

বাংলাদেশের একাধিক জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজারে মোট ৯৫ প্লাটুন মোতায়েন করেছে। গোপালগঞ্জে দু’টি ব্যাটালিয়নও মোতায়েন করা হয়েছে।