নয়াদিল্লি, ২২ নভেম্বর: দু’দিনের সফরে রবিবার ভারতে পৌঁছলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারত ও নেপালের মধ্যে শক্তি ক্ষেত্রে সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক, সীমান্তবর্তী সংযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়ন এই সফরের আলোচনার প্রধান বিষয় বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারতে এসেছেন ৩৬ বছর বয়সি শাহ। চলতি বছরের মার্চে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে এটি তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। নেপাল এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক বিমানে তিনি ভারতে এসেছেন।

শাহের সঙ্গে এসেছে ৩৪ সদস্যের প্রতিনিধিদল। তাতে রয়েছেন তাঁর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকার, অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে এবং বিদেশমন্ত্রী শিশির খানাল। এ ছাড়াও আলাদা একটি বাণিজ্যিক প্রতিনিধিদল ভারতে এসেছে।

সফরকালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন শাহ। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে প্রতিনিধি পর্যায়ের বৈঠকও হওয়ার কথা তাঁর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও নেপালের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

দুই দেশের বাণিজ্য, যাতায়াত, শক্তি, বিনিয়োগ ও পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলি আলোচনায় থাকবে। নেপালের বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী, শক্তি সহযোগিতার একাধিক প্রকল্প উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়েও আলোচনা হতে পারে।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ, দুর্যোগ মোকাবিলা ও মানবসম্পদ উন্নয়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতাচুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। নেপাল-ভারত ব্যবসায়িক মঞ্চে অংশ নিয়ে ভারতীয় শিল্পপতিদের সঙ্গে মতবিনিময় করবেন শাহ। নেপালে আরও বিনিয়োগ টানাই এর অন্যতম লক্ষ্য।

ভারত ও নেপালের মধ্যে বিদ্যুৎ বাণিজ্য এবং সীমান্তবর্তী শক্তি প্রকল্পে সহযোগিতা ক্রমে বেড়েছে। নেপাল তার উদ্বৃত্ত জলবিদ্যুৎ ভারতে রফতানি করছে এবং ভারতীয় বিদ্যুতের বাজারে আরও বেশি প্রবেশের সুযোগ চাইছে। সফরের আগে নেপালের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস ভারতের সঙ্গে আলোচনায় দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আর্জি জানিয়েছিল। সোমবার নেপালে ফেরার কথা বালেন্দ্র শাহের।