গুয়াহাটি, ২৩ নভেম্বর: সদৌ অসম ছাত্র সংস্থার (আসু) সংবিধান গ্রহণের ৬০ বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী উদ্যাপনের সূচনা হল। রবিবার গুয়াহাটির সরুসজাইয়ে অর্জুন ভোগেশ্বর বরুয়া ক্রীড়া প্রকল্পে কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের পাশাপাশি এই কর্মসূচির উদ্বোধন হয়।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসা ছাত্র সংগঠনটির প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেন। সংবিধান গ্রহণের হীরকজয়ন্তী উপলক্ষে সারা বছর ব্যবহারের জন্য একটি বিশেষ লোগোও সম্মেলনে প্রকাশ করা হবে।
১৯৬৭ সালের ৮ অগস্ট তেজপুর অধিবেশনে আসুর সংবিধান আনুষ্ঠানিক ভাবে গৃহীত হয়েছিল। ওই ঐতিহাসিক দিনের ৬০ বছর পূর্তি উপলক্ষে ৮ অগস্ট থেকেই বর্ষব্যাপী কর্মসূচি শুরুর পরিকল্পনা থাকলেও শিবসাগর, চরাইদেউ ও যোরহাট জেলার ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জিতেন হাজরিকা এবং নগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হিতেশ ডেকাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আসুর সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক সমীরণ ফুকন জানান, কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে আগামী দিনে ছাত্র সংগঠনটিকে আরও শক্তিশালী ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হবে। সংবিধান গ্রহণের ৬০ বছর উপলক্ষে বছর জুড়ে নানা কর্মসূচির পরিকল্পনাও রয়েছে।
১৯১৬ সালে অসম ছাত্র সম্মিলন গঠনের মধ্য দিয়ে শুরু হওয়া ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিবর্তনের পরে ১৯৬৭ সালে আসুর সংবিধান গ্রহণ সংগঠনটিকে পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপ দেয়।