গুয়াহাটি, ২২ নভেম্বর: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পিডি হলে সোমবার, ২৩ নভেম্বর দুপুর ২টায় অনুষ্ঠিত হবে দশম ড. অনামিকা রায় স্মারক বক্তৃতা ২০২৬। বক্তৃতা দেবেন ভারতরত্ন ড. ভূপেন হাজারিকার পুত্র তেজ হাজারিকা।
‘ভারতের ঐতিহাসিক মানবতাবাদ ও বিশ্বজনীন মানবতাবাদের মধ্যে সেতু হিসেবে ভূপেন হাজারিকা’ শীর্ষক বিষয়ে তিনি বক্তব্য রাখবেন। ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে এ বছরের বক্তৃতার বিষয়টি বেছে নেওয়া হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ননী গোপাল মহন্ত। সভাপতিত্ব করবেন ট্রাস্টের চেয়ারপার্সন রজত বরন মহন্ত।
ড. অনামিকা রায় মেমোরিয়াল ট্রাস্ট, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা শিক্ষণ বিভাগ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং ড. ভূপেন হাজারিকা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে তেজ হাজারিকার এটি প্রথম প্রকাশ্য বক্তৃতা। ভূপেন হাজারিকার মানবতাবাদী ভাবনা, বৌদ্ধিক উত্তরাধিকার এবং তাঁর সৃষ্টির বিশ্বজনীন আবেদন নিয়ে তাঁর বক্তব্যে আলোকপাত করা হবে বলে জানানো হয়েছে।
২০১৭ সাল থেকে ড. অনামিকা রায় মেমোরিয়াল ট্রাস্ট প্রতি বছর এই স্মারক বক্তৃতার আয়োজন করে আসছে। গণমাধ্যম-শিক্ষা, চিকিৎসা-নৈতিকতা, মানবতাবাদ ও জনযোগাযোগকে এগিয়ে নিয়ে যাওয়াই এই বক্তৃতামালার অন্যতম লক্ষ্য।