শিবসাগর, ২৩ নভেম্বর: জাতীয় সড়কে বেআইনি ও বিপজ্জনকভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে রাতে বিশেষ অভিযান চালাল শিবসাগর ট্র্যাফিক পুলিশ। সড়ক দুর্ঘটনা রোখা এবং যান চলাচল স্বাভাবিক রাখাই ছিল এই অভিযানের লক্ষ্য।
শিবসাগর ট্র্যাফিক পুলিশের উপ-পরিদর্শক পার্থসারথি বরার নেতৃত্বে একটি পুলিশ দল জাতীয় সড়কের বিভিন্ন অংশে অভিযান চালায়। সেখানে রাস্তার উপর বিপজ্জনকভাবে দাঁড় করানো একাধিক ভারী পণ্যবাহী গাড়ি দেখতে পায় পুলিশ।
পুলিশের নজরে আসে, পার্কিং লাইট বা রিফ্লেক্টর ছাড়াই রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে চালকেরা ভিতরে ঘুমোচ্ছেন। পুলিশ চালকদের জাগিয়ে এ ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার ঝুঁকি সম্পর্কে সতর্ক করে। পিছন থেকে দ্রুত গতিতে আসা গাড়ি দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও তাঁদের বোঝানো হয়।
রাস্তা থেকে গাড়িগুলি সরিয়ে কাছের নির্দিষ্ট পার্কিং এলাকা বা তেল ডিপোর মতো নিরাপদ স্থানে রাখার নির্দেশ দিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পথচারীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।