গুয়াহাটি, ২৩ নভেম্বর: অসমে শীঘ্রই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক বাড়ানো হবে বলে ঘোষণা করলেন মহিলা ও শিশু বিকাশ দফতরের মন্ত্রী অজন্তা নেওগ।

তিনি জানান, শিশু পরিচর্যা ও পুষ্টি ব্যবস্থা আরও শক্তিশালী করতে রাজ্যে ইতিমধ্যেই ১০ হাজার আদর্শ অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই কেন্দ্রগুলির মাধ্যমে অঙ্গনওয়াড়ি পরিষেবার পরিকাঠামো উন্নত করার চেষ্টা চলছে।

মন্ত্রী আরও জানান, অসমে প্রথম বার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরের পরে এককালীন আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে।

দীর্ঘ দিন ধরে শিশু পরিচর্যা, পুষ্টি এবং মা-শিশুর কল্যাণে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের পরিষেবার স্বীকৃতি হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

তবে সাম্মানিক কতটা বাড়বে এবং নতুন হার কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে এখনও নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।