গুয়াহাটি: নারেঙ্গি রেল স্টেশনের কাছে রেললাইন থেকে নগদ প্রায় ২৫ লক্ষ টাকা-সহ উদ্ধার মৃতদেহটির পরিচয় মিলল। মৃতের নাম বিশ্বজিৎ দেবনাথ বলে জানিয়েছে রেল পুলিশ।
শনিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ স্থানীয় বাসিন্দারা রেললাইনে মৃতদেহটি দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। মৃতের কাছে বিপুল পরিমাণ নগদ টাকাও পাওয়া যায়। পরে টাকার অঙ্ক প্রায় ২৫ লক্ষ বলে অনুমান করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, গুয়াহাটি থেকে শ্রীভূমি যাওয়ার পরিকল্পনা করেছিলেন বিশ্বজিৎ। কিন্তু ভুল করে তিনি ‘কলংপার প্যাসেঞ্জার’ ট্রেনে উঠেছিলেন বলে তদন্তে উঠে এসেছে। তিনি টিকিট ছাড়াই সফর করছিলেন বলেও জানা গিয়েছে।
তদন্তকারীরা গুয়াহাটি রেল স্টেশনের সিসিটিভি ফুটেজে বিশ্বজিৎকে কোনও ট্রেনে উঠতে বা নামতে দেখেননি। ফলে মৃত্যুর আগে তাঁর গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে।
পল্টনবাজারের সরকারি রেল পুলিশ মৃতের শিলংয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। মৃতদেহটি আনুষ্ঠানিক ভাবে শনাক্ত করতে তাঁর ভাই গুয়াহাটিতে আসছেন বলে জানা গিয়েছে।
বিশ্বজিতের কাছে উদ্ধার হওয়া ২৫ লক্ষ টাকার উৎস এখনও নিশ্চিত করতে পারেনি রেল পুলিশ। ওই টাকা তাঁর কাছে কী ভাবে এল এবং মৃত্যুর সঙ্গে টাকার কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।