প্রয়াত কণ্ঠশিল্পী জুবিন গর্গের রেঞ্জ রোভার ভেলার বিক্রি ঘিরে বিতর্কের মধ্যে সাময়িক ভাবে সমাজমাধ্যম থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন তাঁর বোন ডাঃ পামী বরঠাকুর। অনলাইনে সমালোচনার মুখে পড়ার পরে সোমবার একটি ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
পোস্টে পামী লেখেন, আপাতত তিনি সমাজমাধ্যম থেকে বিদায় নিচ্ছেন। অনুরাগীদের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ভাইয়ের জন্য ন্যায়বিচারের লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।
গত ২০ নভেম্বর তৃণমূল কংগ্রেস নেতা দুলু আহমেদ জুবিনের রেঞ্জ রোভার ভেলার বিক্রির বিষয়টি প্রকাশ্যে আনেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া গর্গ গাড়িটি আজারার বাসিন্দা সম্মনি দাসের কাছে বিক্রি করেছেন।
এএস০১-জিএ-৯৯৯৯ নম্বরের বিলাসবহুল গাড়িটি ২০২৪ সালের মার্চে প্রায় ২.১ কোটি টাকায় কেনা হয়েছিল। গাড়িটি কেনার পরে সম্মনি দাস জানান, শুধু গাড়ি হিসেবে নয়, জুবিনদার প্রতি ভালবাসা থেকেই তিনি সেটি কিনেছেন।
এ দিকে, জুবিনের চার ঘনিষ্ঠ বন্ধু গাড়িটি ফের কেনার উদ্যোগ নিয়েছেন। তাঁদের পরিকল্পনা, গাড়িটি জুবিন ক্ষেত্রে সংরক্ষণ করা হবে, যাতে অনুরাগীরা প্রয়াত শিল্পীর স্মৃতিবিজড়িত এই গাড়িটি দেখতে পারেন। এর আগে ২২ নভেম্বর পামী বরঠাকুর পরিবারের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখার আবেদন জানিয়েছিলেন।