কাজিরাঙার ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত ২৫ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। মুখ্যমন্ত্রীর সাহায্য তহবিল থেকে প্রতিটি পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, আর্থিক সাহায্যে প্রিয়জন হারানোর যন্ত্রণা পূরণ হয় না। তবু বিপর্যস্ত পরিবারগুলির পাশে থাকার চেষ্টা করবে রাজ্য সরকার।

তাঁর কথায়, প্রধানমন্ত্রীর তরফেও নিহতদের প্রত্যেক পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে সাহায্য পাঠানো হবে। এ ছাড়া রাজ্য সরকারের তরফে অতিরিক্ত ২ লক্ষ টাকা দেওয়ার প্রক্রিয়াও চলছে।

যে পরিবারগুলি এখনও অরুণোদয় প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের ওই প্রকল্পের আওতায় আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। পরিবারগুলির অন্যান্য অভাব-অভিযোগ ও সমস্যার ক্ষেত্রেও সাহায্যের চেষ্টা করা হবে বলে তিনি জানিয়েছেন।

দুর্ঘটনায় নিহত পুলিশ জওয়ান সুশীল ভূমিজের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি সমবেদনা জানান। দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক ছিল বলেও মন্তব্য করেন তিনি।