রাহা, ২৩ নভেম্বর: এক পশলা বৃষ্টিতেই হাঁটুসমান কাদা জমে যাচ্ছে রাস্তায়। নগাঁও জেলার রাহা বিধানসভা কেন্দ্রের গরুওয়াট মৌজার গেরজাইপাম গ্রাম পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডের ফাকলি গ্রামের এই রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি দিয়ে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে। রাস্তার এমন দশা যে, সেটি রাস্তা না পুকুর, তা বোঝাই কঠিন হয়ে যায় বলে তাঁদের দাবি।

সকালে রাস্তা সারানোর কাজে নিজেরাই নেমে পড়েন গ্রামবাসীরা। দীর্ঘ দিন ধরে রাস্তার এই অবস্থা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী কোনও ব্যবস্থা নেয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

স্থানীয়দের দাবি, প্রতিদিন এক হাজারেরও বেশি মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। রাস্তার বেহাল অবস্থার জেরে স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে। হাসপাতালে যেতে হওয়া রোগী এবং জরুরি কাজে বেরোনো মানুষজনও বিপাকে পড়ছেন।

গ্রামবাসীদের দাবি, রাস্তার দুরবস্থার কথা রাহা কেন্দ্রের বিধায়ক শশীকান্ত দাসকে একাধিক বার জানানো হয়েছে। কিন্তু এখনও রাস্তা মেরামতির জন্য দৃশ্যমান কোনও পদক্ষেপ করা হয়নি বলে তাঁদের অভিযোগ।

অসমের মুখ্যমন্ত্রী এবং রাহা কেন্দ্রের বিধায়ক শশীকান্ত দাসের হস্তক্ষেপ চেয়েছেন ফাকলি গ্রামের বাসিন্দারা। দ্রুত রাস্তা মেরামত করে চলাচলের উপযোগী করার পাশাপাশি নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিও জানিয়েছেন তাঁরা।