শিলচর, ৩ নভেম্বর: চিনির বস্তার আড়ালে লুকিয়ে নিয়ে যাওয়ার সময় ৪৭ হাজার বোতল কফ সিরাপ উদ্ধার করেছে কাছার পুলিশ। বরখলা থানার পুলিশ বালাছড়া টোলগেটে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এই বিপুল পরিমাণ সিরাপ উদ্ধার করে। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার টাকা।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক ও সহকারী চালককে আটক করেছে পুলিশ। ট্রাকটির নম্বর এমপি ৩৩ এইচ ২০৮৩।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রাকটি উত্তরপ্রদেশের কানপুর থেকে ত্রিপুরার দিকে যাচ্ছিল। গোপন সূত্রে খবর পাওয়ার পর সোমবার রাতে বালাছড়া টোলগেটে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।

তল্লাশির সময় চিনিবোঝাই ট্রাকের ভিতরে ৪৭০টি কার্টনে মোট ৪৭ হাজার বোতল কফ সিরাপ পাওয়া যায়। চিনির বস্তার আড়ালে সিরাপগুলি লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে।

বরখলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কুলেন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আটক দুজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এই পাচারের সঙ্গে কোনও সংগঠিত চক্র জড়িত কি না, সিরাপগুলি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।