জুবিন গর্গের রেঞ্জ রোভার গাড়িটি ফেরাতে সম্মত হয়েছেন ক্রেতা সোনমইনা দাস। শিল্পীর চার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে।

পবিত্র রাভা, বঙ্কিম রায় মেধি, মানস ভাগবতী এবং সৌমিক দত্ত মির্জায় সোনমইনা দাসের সঙ্গে দেখা করেন। গাড়িটির ভবিষ্যৎ ও সংরক্ষণ নিয়ে তাঁদের আলোচনা হয়। জনসাধারণের আবেগকে সম্মান জানিয়ে গাড়িটি অসমেই রাখার এবং ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছেন সোনমইনা দাস।

বন্ধুদের পরিকল্পনা অনুযায়ী, সোনাপুরের কমরকুছিতে নির্মীয়মাণ ‘জুবিন ক্ষেত্র’-এ রেঞ্জ রোভারটি স্থায়ী ভাবে সংরক্ষণ করা হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম শিল্পীর স্মৃতি ও তাঁর ব্যবহার করা সামগ্রীর সঙ্গে পরিচিত হতে পারবে বলে আশা তাঁদের।

তবে গাড়িটির নিবন্ধন এবং প্রয়োজনীয় নথিপত্র এখনও সোনমইনা দাসের নামে সম্পূর্ণ হয়নি। আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর গাড়িটি ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। গাড়িটির জন্য খরচ হওয়া অর্থ ফিরিয়ে দিয়ে আইন মেনে সেটি ফেরানোর পরিকল্পনাও করা হয়েছে।

সোনমইনা দাসের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বঙ্কিম রায় মেধি বলেছেন, তাঁর এই পদক্ষেপে জুবিন গর্গের স্মৃতিবাহী গাড়িটি অসমে সংরক্ষণের পথ খুলে গেল।