নয়াদিল্লি: আইটিইপি বি.এ.-বি.এড., বি.কম-বি.এড. এবং বি.এসসি-বি.এড. পাঠ্যক্রমের ফি সম্পূর্ণ মকুবের দাবিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ফেরদৌস জিন্নার নেতৃত্বে একটি প্রতিনিধি দল কর্তব্য ভবনে স্মারকলিপিটি জমা দেয়।
সংগঠনের দাবি, দেশের বিভিন্ন রাজ্যে তুলনামূলক ভাবে অনেক কম খরচে এই পাঠ্যক্রমগুলি পড়া যায়। দিল্লিতে চার বছরের এই কোর্সে সেমেস্টার ফি, হস্টেল ফি, ভর্তি ফি, ফর্ম পূরণের ফি ও রেজিস্ট্রেশন ফি মিলিয়ে ১২ হাজার টাকা লাগে বলে তাদের দাবি।
গুজরাতে ওই পাঠ্যক্রম ১৫ হাজার টাকায় করা যায় বলেও সংগঠনের বক্তব্য।
তাদের অভিযোগ, অসমে বি.এ.-বি.এড., বি.কম-বি.এড. ও বি.এসসি-বি.এড. কোর্স করতে প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন হয়। শুধু প্রতি সেমেস্টারে ভর্তি বাবদ ২৫ হাজার থেকে ২৭ হাজার টাকা নেওয়া হয়। আটটি সেমেস্টারে শুধু ভর্তি ফি হিসেবেই প্রায় ২ লক্ষ টাকা নেওয়া হচ্ছে বলে সংগঠনের দাবি।
অন্য রাজ্যগুলি যখন কম খরচে এই পাঠ্যক্রম পড়ার সুযোগ দিতে পারে, তখন অসম সরকার কেন তা পারবে না, সেই প্রশ্ন তুলেছে ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি।