তেজপুর-বাইহাটা চারিআলি চার লেন সড়ক প্রকল্পের জন্য অধিগ্রহণাধীন জমিতে নতুন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। ওই জমিতে নির্মাণকাজ চালাচ্ছেন যাঁরা, তাঁদের নোটিস পাঠাতে সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, সিপাঝার রাজস্ব চক্রের চক্র আধিকারিক ইতিমধ্যেই ভূমি রাজস্ব সহায়কদের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে নোটিস পাঠিয়েছেন। সিপাঝারের প্রাক্তন চক্র আধিকারিক তথা বর্তমানে নগাঁও জেলার অতিরিক্ত জেলাশাসক কমলজিৎ শর্মাকেও নোটিস পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে।
দরং জেলার দলগাঁও এলাকাতেও একই ধরনের অভিযোগ পাওয়ার পরে সংশ্লিষ্টদের নোটিস দেওয়া হয়েছে। দলগাঁওয়ের চক্র আধিকারিক পুলিশের সহযোগিতায় পরবর্তী পদক্ষেপ করবেন বলে প্রশাসন জানিয়েছে।
সিপাঝার রাজস্ব চক্র আধিকারিকের দফতর ১৬ নভেম্বর ২০২৬-এ জারি করা নির্দেশে অধিগ্রহণাধীন জমিতে নতুন নির্মাণ, সম্প্রসারণ, পরিবর্তন, বেড়া দেওয়া, মাটি ভরাট বা খননের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নির্দেশে বলা হয়েছে, ধারা ৩এ-র বিজ্ঞপ্তি প্রকাশের পরে হওয়া কোনও নির্মাণ, উন্নয়ন, সম্প্রসারণ বা পরিবর্তনের জন্য ক্ষতিপূরণ পাওয়ার অধিকার তৈরি হবে না।
অধিগ্রহণ প্রক্রিয়া শুরুর সময় গোটা সড়কপথের উপগ্রহচিত্র সংগ্রহ করে রাখা হয়েছে বলে প্রশাসনকে জানিয়েছে এনএইচআইডিসিএল। ফলে পরে নতুন নির্মাণ করা হলেও তার ভিত্তিতে ক্ষতিপূরণ পাওয়া যাবে না। অধিগ্রহণের সময় জমির অবস্থা অপরিবর্তিত রাখা এবং অতিরিক্ত ক্ষতিপূরণের দাবি ঠেকাতেই এই পদক্ষেপ বলে প্রশাসন জানিয়েছে।