চেঙা: সোমবার চেঙার ধান ক্রয়কেন্দ্রের উদ্বোধনী মঞ্চে পাওয়ারলুমের গামোছা দিয়ে সংবর্ধনা জানানোয় আপত্তি তুলে সরকারি আধিকারিকদের প্রকাশ্যেই ভর্ৎসনা করেন বিধায়ক দীপক কুমার দাস। তাঁর স্পষ্ট কথা, ভবিষ্যতে তাঁকে মেশিনে বোনা গামোছা দেওয়া যাবে না।
মঞ্চে তিনি বলেন, “মেশিনে বোনা গামোছা আমাকে দেবেন না। টাকা লাগলে আমি দেব।” গামোছার জন্য অর্থ বাঁচাতে গিয়ে এমন জিনিস না দেওয়ার কথাও বলেন তিনি।
দীপক কুমার দাসের বক্তব্য, অসমিয়া পরিচয়ের সঙ্গে জড়িত গামোছার ক্ষেত্রে নিম্নমানের বা নকল পণ্য চলতে দেওয়া যায় না। তিনি গামোছার জিআই স্বীকৃতির কথাও তোলেন এবং এ ধরনের গামোছাকে “দুই নম্বরি” বলে তীব্র আপত্তি জানান।
তাঁর অভিযোগ, হাতে বোনা গামোছার সঙ্গে বহু মানুষের পরিশ্রম ও জীবিকা জড়িয়ে আছে, অথচ মেশিনে তৈরি পণ্যে ব্যবসায়ীরাই লাভবান হন। ভিডিওতে উপস্থিত সরকারি আধিকারিকদের কোনও জবাব শোনা যায়নি। গামোছাটি কোথা থেকে কেনা হয়েছিল বা কেন সেটি সংবর্ধনায় ব্যবহার করা হয়েছিল, তা স্পষ্ট নয়। এখন নজর, এ নিয়ে কর্তৃপক্ষ কোনও ব্যাখ্যা দেন কি না।