৩ নভেম্বর: স্থানীয় মানুষের সম্মতি ছাড়া প্রস্তাবিত সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। আপার সিয়াং জেলায় বিক্ষোভ তীব্র হওয়া এবং ৩৬ ঘণ্টার বন্ধের মধ্যে আদিবাসী আদি সম্প্রদায়ের উদ্দেশে একটি খোলা চিঠি লিখে এই আশ্বাস দেন তিনি।
খান্ডু জানিয়েছেন, জমি অধিগ্রহণ, উচ্ছেদ এবং বসতবাড়ি হারানোর আশঙ্কায় স্থানীয় মানুষের উদ্বেগ তিনি বুঝতে পারছেন। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে যে কোনও সিদ্ধান্তের ক্ষেত্রে জনপরামর্শ, স্বচ্ছতা এবং স্থানীয় জনগোষ্ঠীর সম্মতিকে গুরুত্ব দেওয়া হবে।
মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, ১১,২০০ মেগাওয়াটের প্রস্তাবিত প্রকল্পের নির্মাণকাজ শুরু করার কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এই পর্যায়ে কেবল প্রি-ফিজিবিলিটি রিপোর্ট তৈরির কাজ চলছে। এর মাধ্যমে প্রকল্পের পরিবেশগত ও প্রযুক্তিগত দিকগুলি মূল্যায়ন করা হবে।
ভারত-চিন সীমান্তের কাছে ইয়ারলুং সাংপো নদীর উপর চিনের বিশাল বাঁধ নির্মাণের প্রসঙ্গও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সিয়াং নদীর প্রায় ৬৫ শতাংশ জল উজানের অঞ্চল থেকে আসে। ফলে উপত্যকায় হঠাৎ বন্যা এবং শীতকালে জলসংকটের আশঙ্কা রয়েছে।
বিক্ষোভকারী ও সম্প্রদায়ের নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন খান্ডু। তবে অগ্নিসংযোগ ও সম্পত্তি ভাঙচুরের ঘটনার নিন্দা করে তিনি জানিয়েছেন, হিংসা এবং আইন ভঙ্গের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।