নুমলীগড়: নুমলীগড়ে আরএলজি গোষ্ঠীর ‘নুমলীগড় ইন্ডাস্ট্রিজ এলএলপি’-র একটি বড় শিল্পপ্রকল্পের শিলান্যাস করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। প্রায় ৭৫০ কোটি টাকা বিনিয়োগের এই প্রকল্পে প্যারাসিটামল-সহ ওষুধশিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদন করা হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, অ্যাডভান্টেজ অসম সম্মেলনে আরএলজি গোষ্ঠীর প্রতিশ্রুতি অনুযায়ী দু’টি থেকে তিনটি পর্যায়ে ৭৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই শিল্পপ্রকল্পের ফলে উজনি অসম পেট্রোকেমিক্যাল ও ওষুধশিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে তাঁর দাবি।
তাঁর কথায়, প্রকল্পটির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ৩০০-র বেশি মানুষের কর্মসংস্থান হবে। নুমলীগড় শোধনাগার লিমিটেড উৎপাদনের জন্য কার্বন মনোক্সাইড এবং অসম পেট্রোকেমিক্যালস লিমিটেড মিথানল সরবরাহ করবে।
প্যারাসিটামলের কাঁচামাল ছাড়াও এখানে ফরমিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের মতো রাসায়নিক উৎপাদন হবে। এর ফলে অসমে প্রথম বার ওষুধশিল্পের নতুন ভিত তৈরি হবে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
নুমলীগড় শোধনাগার প্রসঙ্গে তিনি বলেন, ১৯৯৯ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী বার্ষিক ৩০ লক্ষ মেট্রিক টন ক্ষমতার শোধনাগারটি দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে শোধনাগারটির ক্ষমতা ৬০ লক্ষ টনে বাড়ানোর কাজ চলছে। ওড়িশার পারাদ্বীপ থেকে অপরিশোধিত তেল আনার জন্য পাইপলাইনও তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, ২০২৮ সালের মধ্যে ৩.৩৬ লক্ষ টন উৎপাদনক্ষমতার পলিপ্রোপিলিন প্রকল্পের কাজ শেষ হবে। পাশাপাশি, কাজিরাঙার এলিভেটেড করিডরের দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে এবং আগামী এক-দু’মাসের মধ্যে তার ভূমিপুজো হবে।
অনুষ্ঠানে মন্ত্রী অতুল বরা ও অজন্তা নেওগ, সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, বিধায়ক মৃণাল শইকীয়া ও বিশ্বজিৎ ফুকন এবং সংস্থার পরিচালন অধিকর্তা রাহুল গোয়েল উপস্থিত ছিলেন।