ডিগবই: প্রায় ছয় বছর ধরে নিখোঁজ থাকার পর পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বাসিন্দা আশিস বাগতি (৩২)-কে ডিগবই থেকে উদ্ধার করা হয়েছে। ডিগবই পুলিশ তাঁকে তাঁর বাবা মাধব বাগতির হাতে তুলে দিয়েছে।
পুরুলিয়ার রঘুনাথপুর থানা এলাকার উপর শংকরা গ্রামের বাসিন্দা আশিস কোভিড-১৯ লকডাউনের সময় থেকে নিখোঁজ ছিলেন। গত কয়েক বছর ধরে তাঁকে ডিগবই ও সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘুরতে দেখা গিয়েছিল বলে জানা গিয়েছে।
ডিগবই চারআলি বাজারের পিংকু দেবনাথ আশিসের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাঁর ঠিকানা সম্পর্কে জানতে চান। আশিস নিজের এলাকার নাম বলার পরে পিংকু রঘুনাথপুর থানায় যোগাযোগ করেন। রঘুনাথপুর থানার পুলিশ আশিসের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরে ডিগবই পুলিশের মাধ্যমে যোগাযোগের পর পরিবারের সদস্যেরা তাঁর পরিচয় নিশ্চিত করেন।
পিংকু দেবনাথ, রাজু দেবনাথ এবং ভিডিপি সদস্য রিয়াজ উদ্দিনের সহযোগিতায়, আশিসের বাবা ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে ডিগবই পুলিশ তাঁকে সুস্থ অবস্থায় পরিবারের হাতে তুলে দেয়। ডিগবই থানার ওসি প্রাঞ্জল চেতিয়া প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আশিসকে পরিবারের সঙ্গে পাঠান। দীর্ঘ বিচ্ছেদের পরে ছেলেকে ফিরে পেয়ে মাধব বাগতি সকলকে ধন্যবাদ জানিয়েছেন।