দুলীয়াজান, ১৮ নভেম্বর: দুলীয়াজানের কামলাবাড়িতে একই পরিবারের তিন সদস্যকে খুনের ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ সন্দেহ করছে, অভিযুক্ত রাজু দাস ও আমির দাসকে পালাতে সাহায্য করেছিলেন এক মহিলা। তাঁর খোঁজে তদন্ত চালাচ্ছে ডিব্রুগড় পুলিশ।
সোমবার রাতে তিনসুকিয়ার তিনকোনিয়ার প্রাইম লেন (প্রাইমল্যান্ড) হোটেলে অভিযান চালায় পুলিশ। হোটেলের নথিপত্র বাজেয়াপ্ত করে খুনের পরে দুই অভিযুক্তের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে।
পুলিশের সন্দেহ, ১৬ নভেম্বর কামলাবাড়িতে খুনের ঘটনার পরে ওই মহিলা রাজু ও আমিরকে পালাতে সাহায্য করেন। তাঁদের বিয়ার জোগানোর অভিযোগও উঠেছে। তবে মহিলার পরিচয় এবং ঘটনায় তাঁর সুনির্দিষ্ট ভূমিকা এখনও নিশ্চিত হয়নি।
নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছিলেন অয়েল ইন্ডিয়া লিমিটেডের অবসরপ্রাপ্ত কর্মী চন্দ্রকান্ত ভূঞা, তাঁর স্ত্রী এলিজা ভূঞা এবং মেয়ে নিহারিকা ভূঞা। রাজু ওই পরিবারের ভাড়াটে ছিলেন বলে জানা গিয়েছে। তাঁর সম্পর্কীয় ভাই আমিরও এই মামলার অভিযুক্ত।
অভিযোগ, ১৬ নভেম্বর হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে পরিবারের তিন সদস্যকে খুনের পর রাজু ও আমির তিনসুকিয়ার দিকে পালিয়ে যান। অবধ অসম এক্সপ্রেসে পালানোর চেষ্টা করার সময় ১৭ নভেম্বর শিমলুগুড়ি রেলস্টেশনের কাছে তাঁদের গ্রেফতার করা হয়। বর্তমানে দু’জনেই সাত দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।
তদন্তে প্রায় ৪ লক্ষ টাকার অনলাইন গেমিং ও বেটিং-সংক্রান্ত ঋণের তথ্যও সামনে এসেছে। পুলিশ নগদ ১৩,৫১০ টাকা, প্রায় ২.৫ লক্ষ টাকার সোনা-রুপোর গয়না, তিনটি মোবাইল ফোন, দু’টি ছাতা, পোশাক, কাটার ও স্ক্রু-ড্রাইভার-সহ কয়েকটি জিনিস বাজেয়াপ্ত করেছে। খুনের পরে অন্য কোনও ব্যক্তি অভিযুক্তদের আশ্রয় বা সাহায্য করেছিলেন কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।