অসম বিধানসভার উপাধ্যক্ষের বিরুদ্ধে এক মহিলার তোলা অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু না করায় সরব হলেন শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তাঁর অভিযোগ, এর পিছনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ভূমিকা থাকতে পারে।
অখিলের দাবি, ওই মহিলা প্রকাশ্যে অভিযোগ তোলার পাশাপাশি পুলিশের কাছে এজাহারও দাখিল করেছেন। দু’জন পুলিশ সুপারের কাছেও তিনি এজাহার দাখিল করলেও তা নথিভুক্ত করা হয়নি বলে অভিযোগ বিধায়কের।
এক মহিলার অভিযোগ ও এজাহার দাখিলের পরেও মামলা রুজু না হওয়া দুর্ভাগ্যজনক।
অসমে পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই চলে বলে দাবি করে অখিল বলেন, মামলা রুজু না হওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অনুমতি না থাকার সম্ভাবনা রয়েছে। কার্বি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য তুলিরাম রংহারের বিরুদ্ধেও তিনি গুরুতর অভিযোগ তুলেছেন।
মহিলার অভিযোগ পাওয়ার পরেও দ্রুত পদক্ষেপ না করার জন্য মহিলা কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অখিল। তাঁর মতে, কমিশনের চেয়ারপার্সন অঙ্গুরলতা ডেকার নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করা উচিত।
অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা না নিয়ে থাকলে সংশ্লিষ্ট পুলিশ সুপারদের বিরুদ্ধেও অবিলম্বে পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন অখিল।